কালীগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি


প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৬ এপ্রিল ২০১৭

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

‘সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন দিতে হবে’, ‘এক দেশে দুই নীতি মানি না, মানব না’ স্লোগান সম্বলিত ব্যানার হাতে নিয়ে কালীগঞ্জ পৌরসভার সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করেন পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ।

পরে কালীগঞ্জ পৌরসভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন কালীগঞ্জ শাখার সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন কালীগঞ্জ পৌরসভার কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, সচিব মো. মিলন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, হিসাব রক্ষক ও বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগীয় যুগ্ম-সম্পাদক দুলাল মোড়ল, স্বাস্থ্য সুপার ভাইজার মোশারফ হোসেন, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস, কর নির্ধারক বেলায়েত হোসেন, প্রধান সহকারী লুবনা জাহান ডলি প্রমুখ।

উল্লেখ্য, এর আগে একই দাবিতে কালীগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

আব্দুর রহমান আরমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।