মাদক সম্রাট বাচ্চু গ্রেফতার
গাজীপুরের কালীগঞ্জে মাদক সম্রাট বাচ্চু মিয়া উরফে মাইগ্যা বাচ্চুকে (৫০) গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার বাচ্চু কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, সব ধরনের মাদক দ্রব্য পাইকারি এবং খুচরা বিক্রেতা বাচ্চু। দেশের বিভিন্ন মাদকের চক্রের সঙ্গেও রয়েছে তার সখ্যতা।
দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামে অভিযান চালায়।
অভিযানে তাকে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের সামনে থেকে ইয়াবা বিক্রি অবস্থায় গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাঈদ নামের এক মাদক বিক্রেতা পালিয়ে যান।
বাচ্চুর দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে ওই এসআই বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাচ্চু ও সাঈদের নামে কালীগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় তাকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
আব্দুর রহমান আরমান/এএম/পিআর