মালয়েশিয়ায় অবৈধ যাত্রাকালে উদ্ধার ১২
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে ১২ জনকে উদ্ধার করেছে পুলিশ। তারা সকলেই মালয়েশিয়া যাবার জন্য এক জায়গায় জড়ো হচ্ছিলেন। শুক্রবার রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পুলিশ।
এসময় দালাল চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃতরা হলেন, সাদ্দাম হোসেন(১৮), সুমন মিয়া(১৮), মোহন মিয়া(১৮), রেজাউল করিম(১৮), মো. ইউনুছ(২৫), মো. হৃদয়(১৮), মো. শরাফত মিয়া(১৮), মো. জাহাঙ্গীর (১৮), মো. ইয়াহইয়া(১৮), মো. জাবের (১৮), মো. ইউছুফ(২০) ও এশারব হোসেন (১৯)। এদের মধ্যে ৩ জন হবিগঞ্জ জেলার, ৩ জন কক্সবাজার জেলার, কিশোরগঞ্জের ২ জন, নরসিংদীর ২জন, নারায়ণগঞ্জ ও একজন চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা রয়েছেন।
বাঁশখালী থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ১২ জনকে ছনুয়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সৈয়দুল আলম ও সাজ্জাদ হোসেনের বাড়ি থেকে আটক করা হয়েছে। এরা সবাই বোটে করে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। উদ্ধারকৃতদের ভাষ্যমতে দালাল চক্রের ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মানব পাচার আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এমজেড/আরআই