সিলেট-গোহাটি-শিলং বাস চলাচলের বিষয়টি প্রক্রিয়াধীন: সোমনাথ হালদার


প্রকাশিত: ০১:৫৫ পিএম, ০২ মে ২০১৫

বাংলাদেশে নিযুক্ত চট্টগ্রাম ও সিলেট ডিভিশনের ভারতীয় ডেপুটি হাই কমিশনার বলেছেন, সিলেট-গোহাটি-শিলং পর্যন্ত বাস চলাচলের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাস সার্ভিসসহ অনেকগুলো বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। চূড়ান্ত করে কিছু বলা ঠিক হবে না। চালু হলে উভয় দেশের জনগণ তা জানতে পারবেন।

পরিদর্শনকালে ডেপুটি হাই কমিশনার সোমনাথ হালদার বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধন সুদৃঢ়। এ বিষয়টি মাথায় রেখেই যাতায়াতে গতি আনতে ভারতের শেওলা ইমিগ্রেশনে ডিজিটাল মেশিন স্থাপন করা হচ্ছে। এটি চালু হলে এ পথে যাতায়াতকারীদের ভোগান্তি কমবে।

এ সময় তিনি সুতারকান্দি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা, ইমিগ্রেশন অফিসার ও আমদানিকারকদের সঙ্গে কথা বলে যাত্রী ও পণ্য পরিবহনে সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং এসব বিষয় দ্রুত সমাধানের চেষ্টা চালাবেন বলে আশ্বাস দেন। দুপুর ১টায় তিনি ভারতের সুতারকান্দি শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন সেন্টারে যান। পৌনে ২টায় সেখান থেকে ফেরত আসেন এবং ডিজিটাল মেশিন স্থাপন করা হচ্ছে বলে জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তপন কুমার ভট্টাচার্য্য, রাজস্ব কর্মকর্তা আব্দুল মমিন মজুমদার, ইমিগ্রেশন অফিসার রস্তুম আলী, আমদানিকারক হারুণ রশীদ প্রমুখ।

এর আগে ডেপুটি হাই কমিশনার সোমনাথ হালদার জকিগঞ্জ শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন সেন্টার পরিদর্শন করেন।
 
ছামির মাহমুদ/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।