প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজার মেয়রের ৭ আবেদন


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৭ মে ২০১৭

কক্সবাজার জেলার প্রবেশদ্বার চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকার প্রায় ৫ লাখ মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে এবার সাতটি মেগা উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।

শনিবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভা মঞ্চে বক্তব্যের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসব দাবি তুলে ধরেন মেয়র আলমগীর চৌধুরী।

সাতটি মেগাউন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি সংক্রান্ত লিখিত কাগজ প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শেখরের হাতে দেয়া হয়েছে।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৫ লাখ জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রা নিশ্চিতে সাতটি মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানানো হয়েছে।

প্রকল্পগুলো হচ্ছে (১) মাতামহুরী নদীভাঙন রোধকল্পে টেকসই ব্লক স্থাপন, শহর রক্ষা বাঁধ নির্মাণ ও নদীর ড্রেজিং কাজ। প্রকল্পের অবস্থান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ১নং গাইড বাঁধ থেকে মাতামুহুরি ব্রিজ হয়ে করাইঘোনা পর্যন্ত।

(২) জনগণের মাঝে নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতে চকরিয়া উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করা।

(৩) চকরিয়া শহরের যানজট নিরসনে চকরিয়া পৌরসদরের চিরিংগা স্টেশন থেকে ভাঙারমুখ পর্যন্ত চকরিয়া-কক্সবাজার মহাসড়কে ফ্লাইওভার নির্মাণ করা।

(৪) উপজেলার পশ্চিমে চারটি ইউনিয়নের অন্তত ৫০ হাজার জনগণের অবাধ চলাচল নিশ্চিতে পৌরসভার তরছঘাটা থেকে পূর্ব বড় ভেওলা অংশে মাতামুহুরি নদীর ওপর বেইলি ব্রিজ নির্মাণ করা।

(৫) চকরিয়া উপজেলার লক্ষাধিক কৃষকের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে একটি আধুনিকমানের হিমাগার স্থাপন করা।

(৬) চকরিয়া উপজেলার লক্ষাধিক লবণ চাষির জীবনমান উন্নয়নে লবণ উৎপাদন এলাকায় বিসিক শিল্প এলাকা তৈরি করা।

এছাড়া (৭) ইতোমধ্যে মাতামুহুরি নদীর চিরিঙ্গা ব্রিজটি নতুনভাবে নির্মাণে একনেকে অনুমোদন হয়েছে। অবিলম্বে ব্রিজটি নির্মাণের মাধ্যমে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকিমুক্ত চলাচল নিশ্চিত করা।

মেয়র আরও বলেন, আবেদনের প্রেক্ষিতে সাতটি মেগা উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে আগামী কয়েক বছরের মধ্যে চকরিয়া উপজেলা বদলে যাবে নতুনরূপে। এতে ৫ লাখ জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি দৃশ্যমান অগ্রগতি হবে।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।