টেকনাফে অগ্নিকাণ্ডে ২৩ বসতঘর ভস্মীভূত


প্রকাশিত: ১১:০২ এএম, ০৮ মে ২০১৭

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় অগ্নিকাণ্ডে ২৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় তিনজন আহত হয়েছেন।

তারা হলেন টেকনাফ পৌরসভার পুরানপল্লান পাড়ার আহমেদ হোসেনের স্ত্রী ফাতেমা খাতুন (৫০), তার মেয়ে রেহেনা বেগম (১৪) ও একই এলাকার নুর মোহাম্মদ (৩২)।

সোমবার বেলা ১টার দিকে পৌরসভার আবু ছিদ্দিকের মালিকাধীন টিনের কলোনীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার দুপুরে দিকে গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. একরামুল হক বলেন, অগ্নিকাণ্ডে ২৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টার ক্ষয়ক্ষতি হতে পারে ধারণা করা হচ্ছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান ও পৌর মেয়র মো. ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।