‘বিদেশ থেকে জঙ্গি এনে হানা দেবেন, তা হবে না’
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, লন্ডনে বসে ষড়যন্ত্র করে দেশে জঙ্গি তৈরি করবেন এটা কোনোভাবেই হতে দেয়া যাবে না। দেশের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে সেই অবস্থার পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানা ভেঙে দিয়েছে পুলিশ বাহিনী। বিদেশ থেকে জঙ্গি এনে হানা দেবেন, আমরা ঘায়েল হয়ে যাব। এখন আর সেই সহজ বাংলাদেশ নেই। বাংলাদেশ গত নয় বছরে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে পুলিশের উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মানুষ যদি জেগে উঠে সেখানে যত বড় শক্তিশালী সংঘবদ্ধ অপশক্তি থাকুন না কেন, সেটা আর টিকে থাকতে পারে না। নারায়ণগঞ্জের আড়াইহাজারে কিছুদিন পর পর ডাকাতি হতো। জনগণ ডাকাতদের এমন শিক্ষা দিয়েছে। পিটুনিতে ডাকাত হত্যা করেছে। ফলে চিরতরে ডাকাতি বন্ধ হয়ে গেছে। পুলিশের শক্তি কাগজে কলমে। আমরা সেটা খাটাই। মানুষের শক্তি তার চেয়ে অধিক। জনগণ যখন জেগে উঠে তখন অপশক্তি শেষ হয়ে যায়।
সোনারগাঁ থানা পুলিশের ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ অঞ্চল সাজিদুর রহমান, সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ও সোনারগাঁ উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ওসমান গনি, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, মাওলানা মো. মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।
পরে সমাবেশ শেষে পিরোজপুর ইউনিয়নের প্রতাবনগর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ সুপার মঈনুল হক মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে তথ্য ফরম বিরতণ করেন।
শাহাদাত হোসেন/এএম/এমএস