রূপগঞ্জে আ.লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে আওয়ামী লীগের উভয় গ্রুপের নেতাকর্মীরা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম ও নাওড়া এলাকায় সংবাদ সম্মেলন করেন নেতাকর্মীরা। এর আগে দিনভর এলাকায় উত্তেজনা ও আতঙ্কে সময় কাটে এলাকাবাসীর।
পূর্বগ্রাম এলাকার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী, ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শ্রী রবি রায়, যুবলীগ নেতা শফিকুর রহমান বাদল, মহিউদ্দিন মেম্বার, আলমগীর হোসেন, চাঁন মিয়া, জসিম গাজী প্রমুখ।
নাওড়া এলাকার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, আওয়ামী লীগ নেতা আবুল বাশার টুকু, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, যুবলীগ নেতা আব্দুল আউয়াল প্রমুখ।
সম্মেলনে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী অভিযোগ করে বলেন, কায়েতপাড়া ইউনিয়নের তালাশকুট এলাকায় শনিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মী সম্মেলনের আয়োজন করেন।
আর বেশ কয়েক দিন আগেই সম্মেলনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের বরাবর অনুমতির আবেদনও করা হয়। কর্মী সম্মেলন পণ্ড করার জন্য নামধারী আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিকসহ তার লোকজন একই স্থানে পাল্টা সমাবেশ ডাকেন। যা আওয়ামী লীগকে ধ্বংস করার একটি পাঁয়তারা।
আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক পাল্টা অভিযোগ করে বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশের আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এই সমাবেশ পণ্ড করতেই সেখানে জায়েদ আলীসহ সন্ত্রাসী সফিকুর রহমান বাদল, মোশারফ হোসেন ও তার লোকজন কর্মী সম্মেলনের আয়োজন করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সভাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
মীর আব্দুল আলীম/এএম/জেআইএম