রফিউর রাব্বিকে আদালতের সমন


প্রকাশিত: ০৯:০৫ এএম, ১৪ মে ২০১৭

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বির বিরুদ্ধে হেফাজত নেতার মামলায় সমন দিয়েছে আদালত। তদন্তকারী কর্মকর্তাদের উপস্থিতিতে শুনানী সম্পন্ন হয় এবং শুনানি শেষে আদালত আগামী ২৫ মে রফিউর রাব্বীকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

রোববার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গত ৫ মে রফিউর রাব্বিকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেদিন আদালত তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রোববার ১৪ মে শুনানির দিন ধার্য করেছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, আদালতে রোববার দুই পক্ষের উপস্থিতিতে বিচারক তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হাসানের দেয়া প্রতিবেদন সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে আদালত ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করে বিবাদী রফিউর রাব্বীকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

প্রসঙ্গত, ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা ফেরদাউসুর রহমান বাদী হয়ে রফিউর রাব্বির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা আদালত গ্রহণ করে ৭ মে এর মধ্যে প্রতিবেদন জমা দিতে ডিবিকে নির্দেশ দেন। তবে গত ৫ মে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি যে প্রতিবেদনে রাব্বির বক্তব্যের সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, শ্রুতি সাংস্কৃতিক একাডেমীর ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এক অনুষ্ঠানে রফিউর রাব্বি ইসলাম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বক্তব্য রেখেছেন। তিনি বলেছিলেন, যদি বাংলার মানুষ জানত সংবিধান বিস্মিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার দেশ তবে ৩০ লাখের শহীদের মুক্তিযুদ্ধে কেউ অংশগ্রহণ করতো না।

মামলায় বাদী অভিযোগ তোলেন, রাব্বির সেই বক্তব্যে বাদীসহ সারাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের উপর ধর্মীয় আঘাত হানার শামিল। তাছাড়া এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির শামিল।

শাহাদাৎ হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।