সব ধর্মের মানুষের জন্য নিরাপদ নগর গড়তে চাই: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১০ এপ্রিল ২০২৬

 

চট্টগ্রামে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত ‘বিজু, সাংগ্রাইং, বৈসু, বিষু, বিহু ও চাংক্রান উৎসব ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সব ধর্ম-বর্ণ ও ভাষাভাষীর মানুষের জন্য নিরাপদ নগর গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (১০ এপ্রিল) বন্দর এলাকার ব্যারিস্টার কলেজ কাঁচাবাজার মাঠ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। বিজু-সাংগ্রাইং-বৈসু-বিষু-বিহু-চাংক্রান উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র।

উদযাপন কমিটির আহ্বায়ক দীপব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আনন্দ বিকাশ চাকমা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, কোতোয়ালি থানা যুবদলের আহ্বায়ক নুরু হোসেন নুরু এবং মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বাংলাদেশ বহু ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার দেশ হলেও সবার পরিচয় এক-বাংলাদেশি। এই পরিচয়ই মানুষকে ঐক্যবদ্ধ রাখে এবং সহাবস্থানের শক্তি জোগায়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, জাতীয় ঐক্য ও নাগরিক পরিচয়ের ভিত্তি গড়ে তুলতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তার দেওয়া দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক।

মেয়র বলেন, নাগরিক হিসেবে সবার সমান অধিকার রয়েছে এবং সেই অধিকার রক্ষায় সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। তিনি আশ্বস্ত করেন, যে কোনো সমস্যা সমাধানে নগরবাসীর পাশে থাকবে সিটি করপোরেশন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ধর্ম, বর্ণ বা ভাষা নির্বিশেষে সবাই এই নগরের সমান নাগরিক। সবার নিরাপত্তা নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব। এই শহরে বসবাসকারী প্রত্যেক মানুষ যেন নিরাপদে থাকতে পারে এটি নিশ্চিত করাই আমার দায়িত্ব।

তিনি আরও বলেন, একটি সত্যিকারের নিরাপদ নগর গড়ে তুলতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখা জরুরি। এ লক্ষ্যেই কাজ করছে সিটি করপোরেশন।

অনুষ্ঠানে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে মেয়র বলেন, এ ধরনের আয়োজন ঐতিহ্যবাহী সংস্কৃতির চর্চা বাড়ায় এবং নতুন প্রজন্মকে ইতিবাচকভাবে প্রভাবিত করে।

এমআরএএইচ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।