না.গঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় শাহ সিমেন্টের গাড়ির চাপায় স্কুলছাত্র নিহত হওয়ার জের ধরে বিক্ষোভ মিছিলসহ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার দুপুরে ফতুল্লার পঞ্চবটি মোড়স্থ ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের সহপাঠীসহ স্বজনরা ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে এসে শাহ সিমেন্টের ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। এতে করে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যানজট সৃষ্টি হয়।
এরআগে বৃহস্পতিবার শবেবরাত ভোর রাতে ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র আহাতসহ (১৫) তার কয়েকজন বন্ধু মিলে ব্যাটারিচালিত রিকশায় ঘুরতে বের হয়।
ওই সময় ঢাকাগামী একটি শাহ সিমেন্টের গাড়ি চাপা দিলে স্কুলছাত্র রাহাত আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে রাহাত মারা যায়।
তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে একটি মিছিল নিয়ে পঞ্চবটি এসে গাড়ি ভাঙচুর করে। নিহত স্কুলছাত্র ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকার আব্দুল লতিফের ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শবেবরাত রাতে শাহ সিমেন্টে কোম্পানির একটি গাড়ির চাপায় হরিহরপাড়া স্কুলের ১০ম শ্রেণির ছাত্র আহত হওয়ার পর ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যায়।
সহপাঠীর মৃত্যুর সংবাদ স্কুলে ছড়িয়ে পড়লে ছাত্ররা রাস্তায় এসে মিছিল বের করে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহাদাত হোসেন/এএম/জেআইএম