মরিচখেত থেকে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার


প্রকাশিত: ১২:১২ পিএম, ১৫ মে ২০১৭

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার মরিচখেত থেকে আবারও ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের প্রায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার দুপুরে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মাইন উদ্দীন খান জানান, দুপুর ১২ টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম, দিবাকর রায় ও জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ইউপি সদস্য মো. জামালের বাড়ির পেছনে পুকুর পাড় সংলগ্ন মরিচখেত এলাকায় অভিযান চালায়।

সোর্সের মাধ্যমে সেখানে ইয়াবার বড় চালান লুকিয়ে রাখা হয়েছে বলে গোপন সংবাদ পেয়ে পুলিশি অভিযানে খেতের মাটির গর্তে পুতে রাখা অবস্থায় ৩টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার প্যাকেটগুলো টেকনাফ থানায় নিয়ে এসে তা খুলে গণনা করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার বাজার মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা বলে জানান ওসি।

তিনি আরও জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ইয়াবা নির্মূলে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ওসি বলেন, কাউকে ছাড় দেয়া হবে না।

সায়ীদ আলমগীর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।