যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
যশোরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক নিহত ও তার সহকারী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ডভ্যান চালক দুলাল হক (২৫) ভোলা জেলা সদরের কুতুবা গ্রামের সিরাজুল হকের ছেলে এবং আহত সহকারী রিপন (২০) কুমিল্লা সদর উপজেলার ফিরিঙ্গির হাট এলাকার রুহুল আমিনের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, ঢাকার তেজগাঁও এলাকা থেকে পণ্যবোঝাই করে কাভার্ডভ্যানটি বুধবার রাতে বেনাপোলের উদ্দেশে যাত্রা করে। বৃহস্পতিবার ভোরে গাড়ি নাভারণ বাজারের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।
এ সময় গাড়িটি রাস্তার পাশে গাছে ধাক্কা খেলে চালক ও সহকারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে চালকের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানিয়েছেন, সহকারী রিপন এখন আশঙ্কামুক্ত রয়েছেন।
মিলন রহমান/এএম/পিআর