স্বামীর অসুস্থতার কথা বলে গৃহবধূকে গণধর্ষণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর অসুস্থতার কথা বলে স্ত্রীকে ডেকে এনে দুই বন্ধু মিলে পালাক্রমে এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকা থেকে দুই ধর্ষককে গ্রেফতার করে এবং দুপুরে ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
গ্রেফতাররা হলেন, পশ্চিম মাসদাইর ফয়সালের বন্ধ ইটভাটা বস্তির মৃত শাহ জাহানের ছেলে আলামিন (২৫) ও উত্তর মাসদাইর এলাকার নিশাত জাহানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদেরের ছেলে খোরশেদ আলম (২৮)।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন মামলার বরাত দিয়ে বলেন, ফতুল্লার বিসিক শিল্পনগরীস্থ আল্টা প্লাজায় স্বামীসহ ওই গৃহবধূ বসবাস করতেন। তাদের পারিবারিক সমস্যার কারণে গত ৩ মে স্বামী রাজবাড়ী চলে যান এবং স্ত্রী বোনের বাড়ি যশোর যান।
ধর্ষকদের সঙ্গে ওই গৃহবধূর স্বামীর পূর্ব পরিচয় থাকায় আলামিন গৃহবধূকে ফোন দিয়ে তার স্বামী অসুস্থ হওয়ার কথা জানিয়ে তাকে চলে আসতে বলে। এ সময় তার স্বামীর মোবাইল নম্বর বন্ধ থাকায় আলামিনের ফোনের কথায় বিশ্বাস করে ১০ মে নারায়ণগঞ্জে চলে আসে।
পরে আলামিন ও খোরশেদ মিলে ওই গৃহবধূকে রিকশাযোগে নিয়ে এসে খোরশেদের ভাড়াটিয়া বাসায় ওঠে। পরে গৃহবধূ তাদের কাছে তার স্বামীর খবর জানতে চাইলে তাকে কুপ্রস্তাব দেয় তারা।
এতে রাজি না হলে দুই বন্ধু মিলে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার পর ধর্ষণের শিকার গৃহবধূ তার স্বামীকে না পেয়ে রাজবাড়ি গিয়ে স্বামীর সন্ধান পায়। পরে তাকে ঘটনার বিস্তারিত বলে থানায় এসে মামলা করেন।
ওসি আরও বলেন, গ্রেফতারদের সাতদিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয় এবং ওই গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য হাসাতালে পাঠানো হয়েছে।
মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম