ঝালকাঠি-২ আসনে ধানের শীষে ভোট দেবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের যৌথ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝালকাঠি-২ আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই। এজন্য জেলা পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, জাতীয় পার্টির নেতাকর্মীরা এ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গণভোটে ‘না’ ভোটের পক্ষেই অবস্থান নেবে দলটি।

ঝালকাঠি জেলায় মোট দুটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে ঝালকাঠি-১ এবং সদর ও নলছিটি উপজেলা নিয়ে ঝালকাঠি-২ আসন গঠিত। ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির একজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও তা বাতিল করা হয়। তবে ঝালকাঠি-১ আসনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মো. আমিন হোসেন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।