গাজীপুরে টেক্সটাইল কারখানায় আগুন


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৮ মে ২০১৭
ফাইল ছবি

গাজীপুরে সদর উপজেলার বাঘেরবাজার এলাকার ফরমুজা টেক্সটাইল কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া জানান, বিকেল সোয়া ৩টার দিকে ফরমুজা টেক্সটাইল কারখানার কেমিক্যালের টিনশেডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন দ্রুত ডায়িংয়ের বিভিন্ন প্রকার কেমিক্যালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাজীপুরের শ্রীপুর স্টেশনের দুইটি এবং জয়দেবপুর স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুনে গোডাউনে থাকা ডায়িংয়ের বিভিন্ন প্রকার কেমিক্যাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।