বিকল্প উৎস থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১২ এএম, ০৩ এপ্রিল ২০২৬
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি/ছবি: ভিডিও থেকে নেওয়া

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহ লাইন কিছুটা অনিশ্চিত হয়ে পড়ায় সরকার বিকল্প উৎসের সন্ধান করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।
 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এরই মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘবে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে জ্বালানি সংকট ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ব্যয় কমাতে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সিদ্ধান্তের কথা জানিয়ে নাসিমুল গনি বলেন, বিদ্যুৎ ব্যবহার কমাতে আগামী রোববার থেকে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া আজ (শুক্রবার) থেকে সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

সব ধরনের মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি সেবা যেমন খাদ্য ও ওষুধের দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে।

আগামী তিন মাসের জন্য নতুন যানবাহন ক্রয় বন্ধ এবং সরকারি অর্থায়নে বৈদেশিক প্রশিক্ষণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে সরকারি কোনো নতুন যানবাহন, জলযান বা আকাশযান ক্রয় করা হবে না। পাশাপাশি কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম কেনাও বন্ধ রাখা হবে।

তিনি জানান, সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণও ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে, যেন ব্যয় নিয়ন্ত্রণে রাখা যায়।

কেএইচ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।