গোপালগঞ্জে অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত
গোপালগঞ্জের ঘোনপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ঘোনাপাড়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, ওই বাজারের একটি গ্যাসের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকে অাগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১৭টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
পরে খবর পেয়ে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল, আরুনের খাবারের হোটেল, ফারুকের কম্পিউটারের দোকান, এনামের কসমেটিকসের দোকান, সাহেদ, সুজিত, নাজিম, রমজান, নাজমুল, শেরআলী. বাকা এবং বলাইয়ের চায়ের দোকান, মতিন, জুয়েল ও ইয়ার আলীর মুদি দোকান, এনাম, সোহাগ ও তৌহিদুলের কনফেকশনারির দোকান।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা বলেন, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষতিক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।
এস এম হুমায়ূন কবীর/এএম/পিআর