কালিয়াকৈরে জমিদারের ছেলে আটক


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৪ মে ২০১৭

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী জমিদারের ছেলে আফজাল হোসেন ওরফে আপেলকে (৭০) আটক করেছে পুলিশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশে কটূক্তিমূলক কথা লেখার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় গাজীপুর গোয়েন্দা পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, শ্রীফলতলী জমিদার মোফাজল হোসেন চৌধুরীর ছেলে আফজাল হোসেন চৌধুরী আপেল নিজ উদ্যোগে জমিদার বাড়ির একটি কক্ষে মিনি মিউজিয়াম তৈরি করেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশে সাদা কাগজে নানা ধরনের কটূক্তি লিখে রাখেন।

গত কয়েকদিন ধরে বিষয়টি একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত করে এর সত্যতা পান। ওই গোয়েন্দা সংস্থা কটূক্তিমূলক লেখার তথ্য নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে আটক করা হয়।

আমিনুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।