কক্সবাজারে ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩৫


প্রকাশিত: ০৭:২৪ এএম, ১০ মে ২০১৫

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৯৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এসময় ৩৫ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তারা। রোববার ভোরে পৃথক সময়ে এ অভিযান চালানো হয়। আটকরা বাগেরহাট থেকে আসা পিকনিক করতে এসেছিলেন টেকনাফে। এ ঘটনায় পিকনিক বাসটি জব্দ করা হয়েছে।

কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুুল আলম জাগো নিউজকে জানান, পিকনিকের ব্যানার লাগিয়ে শনিবার সকালে বাগেরহাট জেলা রুটের পঞ্চগড় জ-০২-০১৪৭ নাম্বারধারি মা জননী নামের একটি যাত্রী বোঝাই বাস টেকনাফে যায়। রোববার ভোরে টেকনাফ থেকে কক্সবাজার ফেরার পথে উখিয়ার মরিচ্যা চেকপোস্টে বাসটি থামিয়ে তল্লাশি চালায় বিজিবি জোয়ানরা। এসময় বাস থেকে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, যেহেতু পিকনিক বাস সেহেতু ইয়াবা বহনের ঘটনায় সবারই সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই গাড়ির চালক, দুই হেলপারসহ ৩২ যাত্রীকেও সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এ ঘটনায় জব্দ করা  হয়েছে বাসটিও। ঘটনার ব্যাপারে সম্পৃক্ততা যাচাইয়ের জন্য আটকদের রামু থানায় সোপর্দ করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) সাইকুল আহম্মেদ ভূইয়া তথ্যের সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, আটকদের বিজিবি থানায় সোপর্দ করার পর ইয়াবার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অপরদিকে, টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকা থেকে ৪২ বিজিবির জওয়ানরা দেড়কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে এ অভিযান চালানো হয়।

টেকনাফ বিজিবি সূত্র জানায়, শাহপরীরদ্বীপ বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে জোয়ানরা জালিয়াপাড়া ঝাউবাগানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকপাচারকারিরা ইয়াবার পোটলা ফেলে ঝাউবাগানের ভেতর দিয়ে পালিয়ে যান। বিজিবি পোটলাটি উদ্ধার করে গণনার পর ৫০ হাজার পিস ইয়াবার অস্থিত্ব পায়। যার বাজার মূল্য দেড়কোটি টাকা।

টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে করেছেন।

সায়ীদ আলমগীর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।