উখিয়ায় রোহিঙ্গা যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৫ মে ২০১৭

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে মালয়েশিয়া ফেরত এক রোহিঙ্গা যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করা হয়েছে অভিযোগ উঠেছে।

স্ত্রীর পরকীয়া পরবর্তী বিয়ের জের ধরে অপহরণের দুইদিন পর বৃহস্পতিবার বিকেল ৩টায় কুতুপালং ক্যাম্পের অদূরে মধুরছড়া খাল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। উদ্ধারকালে মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন এবং চোখ উপড়ানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

মৃত যুবকের নাম মো. শফিক ওরফে বলি (২৯)। তিনি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের ইমাম হোসেনের ছেলে। তার এমআরসি নম্বর- ৪৪৯৫২।

নিহতের ভাই মোহাম্মদ হাসান কালু জানান, মো. শফিক বলি মালয়েশিয়া থাকাকালীন সময়ে তার স্ত্রী লাইলা বেগম পাশের কবির আহমদের ছেলে করিম উল্লাহর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা বিয়েও করেন। এসব বিষয় নিয়ে মুঠোফোনে স্ত্রী লাইলা বেগমের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তড়িগড়ি করে গত ১৭ মে কুতুপালং রোহিঙ্গা শিবিরে ফিরে আসেন শফিক।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।