রংপুরে যুবককে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ১২:৪২ পিএম, ১০ মে ২০১৫

রংপুরের কাউনিয়া উপজেলায় নজরুল ইসলাম (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার সাধু লিচুবাগান গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নজরুল ওই গ্রামের আবুল হোসেনের ছেলে এবং পেশায় মুদি দোকাদার ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দেড়টার দিকে নজরুল মীরবাগ বাজারে মুদি দোকান বন্ধ করে বাড়ির সামনে গিয়ে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে পেটে ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। একপর্যায়ে দুর্বৃত্তরা নজরুলের পায়ের রগ কেটে দেয়। এসময় তার আত্মচিৎকারে গ্রামের ও পরিবারের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় নজরুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার সকালে নিহতের লাশ রংপুর সদর থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত নজরুলের স্ত্রী মৌসুমী বেগমসহ পরিবারের স্বজনরা এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মামুন মিয়া জানান, নজরুল মুদি ব্যবসার পাশাপাশি দাদন ব্যবসা করতো। আর ইতোপূর্বে দাদন ব্যবসার টাকা লেনদেন নিয়ে গ্রামের কয়েকজনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় তার। টাকা লেনদেনের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।