পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল শুরু
ঝড়-বৃষ্টির কারণে আধা ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।
একই সময়ে পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।
এর আগে দুপুর ৩টা ২০ মিনিটের দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এই নৌরুটে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আকস্মিক ঝড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় পারাপার শুরু করা হয়।
ডিজিএম আব্দুস সালাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন আবার নিয়মিত পারাপার চলছে।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি ও ১৭টি লঞ্চ চলাচল করছে।
মো. সজল আলী/এনএইচআর/এএসএম