দেড় মাসে ৭ বার বন্ধ আশুগঞ্জ সার কারখানার উৎপাদন


প্রকাশিত: ০৫:১১ এএম, ১২ মে ২০১৫

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন। মঙ্গলবার সকাল ৮টা থেকে সরকারি নির্দেশনা ও গ্যাস সঙ্কটের কারণে সার কারখানার সকল যন্ত্রপাতি বন্ধ করে ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেয়া হয়। এর ফলে প্রতিদিন প্রায় ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।

কারখানার কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, গ্যাস সঙ্কটের কারণে কারখানাটি বন্ধ রাখার জন্য সোমবার সরকারের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষকে একটি নির্দেশনা দেয়া হয়। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে কারখানার সকল প্লান্ট পর্যায়ক্রমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, কবে নাগাদ আবারও আশুগঞ্জ সরকারখানা উৎপাদনে ফিরবে তা এখনই বলা যাচ্ছে না। তবে কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় আগামী মৌসুমে সার সঙ্কটের কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি।

উল্লেখ্য, গত দেড় মাসে বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে অন্তত সাতবার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়। এ ছাড়াও গ্যাস সঙ্কটের কারণে ২০১৪ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত কারখানাটির উৎপাদন বন্ধ রাখা হয়েছিল।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।