আবগারি শুল্ক সহনীয় পর্যায়ে আনা হবে : সেতুমন্ত্রী
আবগারি শুল্ক নিয়ে রাজনীতি করার সুযোগ নেই উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংকে আবগারি শুল্ক বাড়ানোর যে প্রস্তাব দেয়া হয়েছে সেটা সংশোধন করে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় ভুলতা ফ্লাইওভার পরিদর্শনে এসে এ মন্তব্যে করেন সেতুমন্ত্রী।
গত ১ জুন সংসদে প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি থেকে ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন হলে বছরে আবগারি শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকার প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই টাকা বছরে একবারই কাটা হবে। তবে প্রতিবারই এই শুল্ক কাটা হবে কি না এ নিয়ে প্রথমে নানা বিভ্রান্তি ছড়ায়।
ওবায়দুল কাদের বলেন, জনগণের কোনো ধরনের ক্ষতি হয় এমন বাজেট জনবান্ধব সরকার গ্রহণ করবে না। আবগারি শুল্ক নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ নেই। এটা পরিবর্তন করে সহনীয় পর্যায় আনা হবে।
তিনি বলেন, রমজান মাসে সড়ক-মহাসড়কে যানজট হতে দেয়া হবে না। এখন পর্যন্ত দেশবাসী স্বস্তিতে যানবাহনের মাধ্যমে তাদের গন্তব্যে যাতায়াত করছে।
ফ্লাইওভার কাজের বিভিন্ন দিক ঘুরে দেখে কাজের অগ্রতিতে সন্তোষ প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ফ্লাইওভার কাজের ৪২ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করে আগামী বছর জুন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলমা ও রূপগঞ্জ ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম, ভুলতা ফ্লাইওভার নির্মাণ কাজের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মী প্রমুখ।
মীর আব্দুল আলীম/এএম/পিআর