মুন্সিগঞ্জে অনিয়মের প্রতিবাদে এসিল্যান্ড কার্যালয় ঘেরাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
এসিল্যান্ড কার্যালয়ের সামনে এলাকাবাসীর বিক্ষোভ

‘ঘুসখোর ও দুর্নীতিবাজ মুক্ত’ ভূমি অফিসের দাবিতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এসময় এসিল্যান্ড কার্যালয় ঘেরাও করে এক কর্মচারী ও গাড়িচালকের অপসারণ দাবি করেন তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোড়াদৌড় বাজার এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীদের অভিযোগ, ভূমি অফিসে অনিয়ম ও দুর্নীতির কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিক্ষুব্ধরা জানান, ভূমি অফিসের সহকারী (উমেদার) ইমন হোসেন এসিল্যান্ডের কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছেন। পাশাপাশি বিভিন্ন ভুলত্রুটির অজুহাতে মোটা অংকের টাকা আদায় করা হচ্ছে। কেউ টাকা দিতে সম্মত না হলে মাসের পর মাস কাজ ফেলে রাখা হয়।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ইমন হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার জাগো নিউজকে বলেন, ‘অনিয়মের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

শুভ ঘোষ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।