‘কাদের সাহেব সোজা পথে চলুন’


প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০৬ জুন ২০১৭

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সোজা পথে চলুন। দেশের মানুষ এখন আর বোকা না, আপনাদের ফাঁদে বার বার পড়বে না। আপনাদের অধীনে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। ২০১৪ সালের মতো আর নির্বাচন হতে দেবে না দেশের মানুষ। দেশে আজ গণতন্ত্র নেই, জালিম সরকার গণতন্ত্র হত্যা করেছে।

মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার পার্টি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, খয়রাতি সরকারের দেশ হতে দেবে না জনগণ। তারা নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। নারায়ণগঞ্জে শামীম ওসমান খয়রাতি এমপি হয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপিতে ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র হয়েছেন। এই সরকারের মন্ত্রী-এমপি ও নেতাদের পায়ের তলায় মাটি নেই। বিদেশে টাকা পাচারের খবর দেশের জনগণ জানে। বাজেটের নামে আপনারা পকেট ভারী করছেন।

কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, ২০১৪ সালে খয়রাতি সরকার গঠন না হলে দেশের আরও ৫ গুণ উন্নয়ন করা সম্ভব হতো। এই শেখ হাসিনা সরকার উন্নয়নের নামে তাদের ব্যাংকের টাকা বাড়িয়েছে। আগামীতে বিএনপিকে জয়ী করতে ধানের শীষের প্রার্থীকে জয়ী করুন।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের বিএনপিপন্থী আইনজীবীরা।

মো. শাহাদাত হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।