পেকুয়ায় দুই ইউপি সদস্যের ওপর হামলা


প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৮ জুন ২০১৭

কক্সবাজারের পেকুয়ায় কর্মসৃজনের টাকা আত্মসাতের ঘটনায় রাজাখালী ইউনিয়ন পরিষদের দুই সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে তারা বলছেন, চাঁদা দিতে অস্বীকার করায় তাদের ওপর হামলা চালিয়েছে দৃর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১টার দিকে পেকুয়া বাজারের হাজী আকতার মার্কেটের নিচ তলায় এ ঘটনা ঘটে।

এরা হলেন- রাজাখালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য বিএনপি নেতা মনজুর আলম ও ৯ নং ওয়ার্ডের সদস্য মো. বাদশা।

মনজুর আলম বলেন, কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের বেতন উত্তোলনের নির্ধারিত দিন ছিল আজ। আমি শ্রমিকদের নিয়ে কৃষি ব্যাংক পেকুয়া শাখায় গেলে সংবাদকর্মী পরিচয়ে যুবলীগ নেতা নাজিম উদ্দিন ও জালাল উদ্দিন নামে দুইজন দৃর্বৃত্ত চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারধর শুরু করেন। এ সময় রাজাখালী ইউপির অপর সদস্য মো. বাদশা আমাকে উদ্ধার করতে এলে তার উপরও হামলা করেন তারা।

অভিযুক্ত জালাল উদ্দিন ও নাজিম উদ্দিন বলেন, নিজের অপরাধ ঢাকতে মেম্বার মনজুর মিথ্যা তথ্য দিচ্ছে। আমরা সরকার দলীয় সহযোগী সংগঠনের নেতা হিসেবে এলাকার অনেক অন্যায় ও অপকর্মের নালিশ আসে। আমাদের কাছে অভিযোগ আসে কর্মসৃজন প্রকল্পের দরিদ্র শ্রমিকদের কাছ থেকে মাথাপিছু ৩০০ টাকা কেটে রাখেন মেম্বার মনজুর। কেউ দিতে অস্বীকৃতি জানালে তার পাশ বই নিয়ে রাখেন।

আজও (বৃহস্পতিবার) একই ঘটনা ঘটছে উল্লেখ করে তারা জানান, কয়েকজন শ্রমিক তাদের কাছে এলে তারা দুজন ব্যাক এলাকায় যান। বিষয়টি জানতে চাইলে মনজুর তা অস্বীকার করেন। তবে কারা অভিযোগ দিয়েছে তাদের বইগুলো নিয়ে ফেলতে চাইলে শ্রমিকরা উত্তেজিত হয়ে তার ওপর চড়াও হন। খোঁজ নিয়ে জেনেছি জনপ্রতি ১৭০০ টাকা সরকার থেকে আসলেও ব্যাংক কেটে রাখে ২৫ টাকা আর মেম্বার কেটে নেয় ৩০০ টাকা। যা নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ বিরাজ করে।

বিএনপির ওয়ার্ড় সভাপতি হওয়ায় সরকারের দুর্নাম রটাতে তারা জোটবদ্ধ হয়ে এসব অপকর্ম করছে বলে উল্লেখ করে তারা বলেন, সৃজনশীলতার আশায় স্থানীয় পত্রিকায় আমরা সময় দিয়ে থাকি। যুবদল, ছাত্রদল, জামায়াত-শিবিরের অনেকে সংবাদকর্মী হিসেবে আছে। নিজেদের অপকর্ম ঢাকতে মেম্বার মনজুর সংবাদকর্মী কথাটা উচ্চারন করেছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল করিম বলেন, ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আসল ঘটনা জেনে যথাযত ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।