শরীয়তপুর
বাড়িতে তল্লাশি চালিয়ে ৭ লাখ টাকা জব্দ, জামায়াত কর্মীর দুই বছরের জেল
শরীয়তপুরের নড়িয়ায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে সাত লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোলাম মোস্তফা নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার জামায়াতে ইসলামীর কর্মী জলিল মাস্টার বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে প্রবেশ করেন বেশ কয়েকজন জামায়াতে ইসলামীর কর্মী। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছান নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। এসময় বাড়িতে তল্লাশি চালানো হলে নগদ সাত লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালি খাম, টাকা বিতরণের কিছু কাগজসহ জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে এদের মধ্যে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিয়ে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে ব্যাগে কিছু টাকা পাওয়া গেছে। এরপর ঘটনাস্থলে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসেছিলেন। জানতে পেরেছি সেখানে সাত লাখ ২০ হাজার টাকা ছিল। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে একজনকে দুই বছরের কারাদণ্ড ও অন্যদের ছেড়ে দিয়েছেন বলে শুনেছি।’
বিধান মজুমদার অনি/এসআর/এমএন