পুলিশ কর্মকর্তাকে ১০ হাজার টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৫ মে ২০১৫

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পদিপাড়া বাজারে শুক্রবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বেগমগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার (এ এস পি) শিকদার হাসান ইমামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এই সফলতায় শিকদার হাসান ইমামকে ১০ হাজার টাকা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার দেয়া হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দেলওয়ার হোসেন (২৮) ও তাজুল ইসলাম মোহন (২২)।

তাদের কাছ থেকে তিনটি এলজি, একটি বিদেশি পিস্তল, একটি পাইপ গান, ৩ রাউন্ড এলজির কার্তুজ, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৭টি রাম দা, ১টি চাপাতি, ১টি ছোরাসহ ৬টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

দেলওয়ার বেগমগঞ্জ উপজেলার গেবিন্দের খিল গ্রামের আবদুল সাত্তারের ছেলে এবং তাজুল সোনাইমুড়ী উপজেলার কেশাবপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিলসহ বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডমূলক সংগঠনের অভিযোগে বেশ কয়টি মামলা রয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় নোয়াখালী জেলা পুলিশ সুপারের সভা কক্ষে পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম আসরাফুজ্জামান, বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শিকদার হাসান ইমাম, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম, জেলা ডিবি পুলিশের ওসি আতাউর রহমান, সুধারাম থানার ওসি তদন্ত নিজাম উদ্দিন প্রমুখ।

প্রেস ব্রিফিং শেষে বেগমগঞ্জ সার্কেল এ এস পি শিকদার হাসান ইমামকে ১০ হাজার টাকা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার দেয়া হয়।

মিজানুর রহমান/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।