উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ গরুর মৃত্যু


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১১ জুন ২০১৭

কক্সবাজারের উখিয়ায় বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের লাইনের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫টি গরুর মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার মরিচ্যা গরু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া গরুর মাঝে ৪টির মালিক স্থানীয় পাগলিরবিল এলাকার শাহআলম ও অপরটির মালিক ভালুকিয়ার গুরা মিয়ার ছেলে বদিউল আলম।

স্থানীয় সূত্র জানায়, সপ্তাহের প্রতি রোববার মরিচ্যায় গরুবাজার বসে। বাজারে সীমান্ত এলাকার দুই উপজেলার গরু-মহিষ বিক্রির জন্য তোলা হয়।

১১ জুনও সপ্তাহিক বাজারে বিক্রেতারা গরুসহ অন্যান্য মালামাল নিয়ে বাজারে আসেন। মরিচ্যা বাজার এলাকা দিয়ে রামু সেনা নিবাসের দিকে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের একটি তার ছিঁড়ে পড়ে যায়। তারটি পাঁচটি গরুর ওপর পড়ে ঘটনাস্থলে স্পৃষ্ট হয়ে মারা যায় গরুগুলো।

পল্লী বিদ্যুতের উখিয়া জোনাল অফিসের ডিজিএম খালেদ মোশারফ জোয়ার্দার তার ছিঁড়ে পড়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রামু সেনা নিবাসে নিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের লাইনটির তারে কভার নেই। ফলে বেশ কয়েকবার তার ছিঁড়ে অঘটন ঘটছে। এটি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।