সোনাদিয়া ও ইনানীর চরে ভেসে এল দুই মরদেহ


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১৩ জুন ২০১৭

কক্সবাজারের মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়া ও পাথুরে সৈকত ইনানীর চরে দুই ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। মঙ্গলবার সকালে ও দুপুরে পৃথক সময়ে মরদেহ দুটি ভেসে আসে। মরদেহ দুটির আনুমানিক বয়স ২৫ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।

মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকার মেম্বার কাজল আকতার জানান, সকালে জোয়ারের পানির সঙ্গে একটি মরদেহ ভেসে এসে চরে ভীড়ে। তা দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে খবর দেয়। পরে মরদেহটি কূলে তোলে রেখে পুলিশকে খবর দেয়া হয়েছে।

তিনি জানান, মরদেহের শরীরে একটি সাদা হাতা লম্বা শার্ট রয়েছে। চুলগুলো লাল। বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। ধারণা করা হচ্ছে সোমবার সকালে ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজার সৈকত উপকূলের নিখোঁজ দুই জেলে মধ্যে একজনের মরদেহ এটি।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মরদেহ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অপরদিকে, উখিয়ার ইনানীর বিচ পয়েন্ট এলাকায় মঙ্গলবার বেলা ১১টার দিকে এক অজ্ঞাত যুবকের মরদেহ ভেসে এসে চরে আটকে যায়। ক্ষত-বিক্ষত মরদেহের পরনে কোনো কাপড় ছিল না। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর হতে পারে।

স্থানীয় পর্যটন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, বৃষ্টি থামার পর প্রথম বাড়ি থেকে বের হয়ে বিচের দিকে গেলেই ভাসমান মরদেহটি তার নজরে আসে। উপুর হয়ে থাকা মরদেহটি কূলে টেনে তোলার ব্যবস্থা করে থানায় ফোন দেন তিনি। এটিও সাগরে নিখোঁজ কোনো জেলের মরদেহ হতে পারে ধারণা তার।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে বিচ এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।