টেকনাফে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু


প্রকাশিত: ০৭:০৯ এএম, ১৪ জুন ২০১৭

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে পাহাড়ের মাটি ও গাছ চাপা পড়ে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী পশ্চিম সাতঘরিয়াপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোহাম্মদ সেলিম (৪০) ও তার মেয়ে টিসু মনি (৩)।

হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, রাতে ভারী বর্ষণ ও বজ্রপাতের সময় হঠাৎ করে একটি গাছসহ পাহাড়ের অংশবিশেষ ধসে পড়ে। এতে মাটির ঘরের অংশবিশেষে মাটি ও গাছ চাপা পড়ে। ওই অংশে বাবা মোহাম্মদ সেলিম ও তার মেয়ে টিসু মনি ঘুমিয়ে ছিল। পরে স্থানীয় লোকজন দ্রুত গিয়ে বাবা-মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর শোনার পরপরই ঘটনাস্থাল পরিদর্শন করা হয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।