ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:২৩ এএম, ১৬ মে ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উদ্যোগে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের লোকনাথ দিঘির পাড় থেকে জেলার পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হাসনাত মোর্শেদ ভূইয়া, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

পরে মতবিনিময় সভা শেষে ৯৮ জন গ্রাম পুলিশকে ছাতা ও জেলা শহরের বিভিন্ন স্কুলের ২৫০ জন মেধাবী শিক্ষার্থীকে জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।