গাজীপুরের জেলা প্রশাসককে হোটেল ব্যবসায়ীর হুমকি
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে হুমকি দিয়েছেন স্থানীয় এক আবাসিক হোটেল ব্যবসায়ী। এ ব্যাপারে জেলা প্রশাসক বৃহস্পতিবার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জয়দেবপুর থানা পুলিশের ডিউটি অফিসার এসআই মো. হুমাইয়ুন কবরি-২ জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার রাজমনি ইন্টারন্যাশনাল নামের এক আবাসিক হোটেলের মালিক পরিচয় দিয়ে এক ব্যাক্তি গাজীপুর জেলা প্রশাসকের দাফতরিক মোবাইল নম্বরে ফোন দেন। এ সময় ওই ব্যাক্তি তার হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা না করার জন্য বলেন। অভিযান পরিচালনা করা হলে জেলা প্রশাসককে দেখে নেয়ার হুমকি দেন ওই ব্যাক্তি।
তিনি আরও জানান, এ ঘটনায় গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বাদী হয়ে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি (নং-১০৫১, তাং-১৫/০৬/১৭ইং) করেছেন।
আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম