পানির ট্যাংকে নেমে প্রাণ গেল ৩ শ্রমিকের
গোপালগঞ্জে নির্মানধীন একটি বাড়িতে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের থানাপাড়ায় হায়দার আলী মুন্সী নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজমিস্ত্রি সুমন মোল্লা (৩৫), শ্রমিক জাহিদ মোল্লা (১৬) ও নূর ইসলাম (২০)। নিহতদের বাড়ি সদর উপজেলার গোপীনাথপুর ও আড়পাড়া গ্রামে।
নির্মাণ কাজে নিয়োজিত অপর শ্রমিকরা জানান, বাড়ির পানির রিজার্ভ ট্যাংকের মধ্যে থেকে ময়লা পরিষ্কার করার জন্য লোহার সিঁড়ি বেয়ে ওই তিন শ্রমিক ট্যাঙ্কের ভেতরে প্রবেশ করেন। বেশ কিছুক্ষণ ধরে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে অন্যরা তখন জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে ট্যাঙ্কের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. নিয়ামূল হুদা জানান, পানির ট্যাঙ্কের মধ্যে কার্বন মনো অক্সাইড গ্যাসের উৎপাদনের ফলে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। অক্সিজেনের ঘাটতির কারণে শ্বাসবন্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তিন শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/পিআর