গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও দুইজনের মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের মধ্যে দুইজন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। সোমবার বিকেল ৫টার দিকে তাদের হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নেয়ার পথে নিহতরা হলেন- আব্দুল আজিজ (৭০) এবং করিম সরদার (২৫)। এদের মধ্যে আব্দুল আজিজের বাড়ি বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকায়। তবে করিমের ঠিকানা জানা যায়নি।
এর আগে দুপুর দেড়টার দিকে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়ায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নারীসহ চারজন নিহত হন। আহত হন অন্তত ৩৫ জন।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, ছাগলছিড়ায় ঢাকাগামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের মধ্যে পাঁচজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুইজন পথিমধ্যে মারা যান। অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাইফ আমীন/আরএআর/জেআইএম