চকরিয়ায় হত্যাকারী সেই পাষণ্ড বাবা আটক


প্রকাশিত: ০৭:৫১ এএম, ১৮ মে ২০১৫

কক্সবাজারের চকরিয়ায় তিন মেয়েকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যাকারী পাষণ্ড বাবা আবদুল গণি (৪২) কে চট্রগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে  শহরের বায়োজিদ বোস্তামী এলাকার প্রধান সড়ক থেকে গ্রেফতার করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জাগোনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম শহরের বায়োজিদ বোস্তামী এলাকার প্রধান সড়ক থেকে আবদুল গণিকে আটক করে চকরিয়া থানা পুলিশের একটি দল। আবদুল গণিকে আটকের পর চকরিয়া থানায় এনে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে আবদুল গণি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ১৫ মে ভোররাতে চকরিয়ার বদরখালী ইউনিয়নের ২নং ওয়াড়ের ১নং ব্লকের চৌধুরীপাড়া গ্রামের আবদুল গণি তার তিন মেয়ে আয়েশা ছিদ্দিকা চম্পা (১০), শিউলি জান্নাত শিউলি (৮) ও ১৮ মাসের তাহুরা জান্নাত বেলিকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে। এরপর থেকে ঘাতক বাবা আবদুল গণি পলাতক ছিলো। চার দিন পর সোমবার তাকে গ্রেফতার করলো পুলিশ।

সায়ীদ আলমগীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।