৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের আপ লাইনে (ঊর্ধ্বমুখী) ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার রাত পৌনে দুইটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণাবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, সোমবার রাত সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
এ ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের আপ লাইনে (ঊর্ধ্বমুখী) ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইনে (নিম্নমুখী) ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরে আখাউড়া লোকোসেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিটি অন্যত্র সরিয়ে নিলে রাত দুইটায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের আপ লাইনে (ঊর্ধ্বমুখী) পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস