‘কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির উদ্যোগ অনুকরণীয়’


প্রকাশিত: ১০:২৭ এএম, ২৫ জুন ২০১৭

মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক বলেছেন, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সদস্যরা এলাকার সমস্যা-সম্ভাবনা নিয়ে শুধু কলমই চালান না। তারা মানবতার সেবায় নিজেদের মেধার পাশাপাশি অর্থও বিলিয়ে দেয়। এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।

সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোরা’র তাণ্ডবে সাগরে নিখোঁজ মহেশখালীর ৫৩ জেলের পরিবারে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন।

শনিবার দুপুরে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি সায়ীদ আলমগীরের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহম্মদ সাংবাদিক সংগঠনের মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রিপোর্টার্স ইউনিটের মতো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষও ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর পাশে থাকবে।

এসময় তিনি নগদ অর্থ সহায়তার ঘোষণা দেন এবং পরবর্তীতে উচ্চ পর্যায়ে যোগাযোগ করে প্রত্যেক পরিবারের জন্য আবাসন ব্যবস্থা করা হবে বলে জানান।

অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা ও দৈনিক দৈনন্দিন`র প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম, মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহম্মদ, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটের কর্মকর্তা জাবেদ আবেদিন শাহীন, ইব্রাহিম খলিল মামুন, ওয়াহিদুর রহমান রুবেল, ইমাম হোসেন শফিকসহ মহেশখালীর বিশিষ্ট নাগরিকবৃন্দ।

উল্লেখ্য, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের বিশিষ্টজনদের নিয়ে তারকা হোটেলে প্রতিবছর ইফতার মাহফিলের আয়োজন করে। এবারও জুনের প্রথম সপ্তাহে ইফতার পার্টির দিনক্ষণ ঠিক করে বুকিংও দেয়া হয়। এরমাঝে হঠাৎ ঘূর্ণিঝড় মোরায় অর্ধশতাধিক জেলে নিখোঁজ ও কয়েকদিন পর পার্বত্য চট্টগ্রামসহ পুরো সমতলে প্রাকৃতিক বিপর্যয়ে দেড় শতাধিক প্রাণহানির কারণে বিলাসী আয়োজন বাতিল করে সেই টাকায় নিখোঁজ জেলেদের পরিবারে ঈদ সামগ্রী দেয়ার সিদ্ধান্ত নেন সংগঠন নেতৃবৃন্দ।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।