নাফ নদীতে নিখোঁজ বাকি দুজনের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ২৯ জুন ২০১৭

কক্সবাজারের টেকনাফে ঈদের পরদিন নাফ নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া বাকি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ায় নাফ নদীর মোহনায় দুইজনের মরদেহ পান স্থানীয়রা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দিন খান জানান, উদ্ধার দুজন হলেন টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৬) এবং একই এলাকার আনোয়ার ইসলামের আট বছর বয়সী ছেলে আনোয়ার সাদেক ওরফে আইয়ুব।

গত মঙ্গলবার বিকেলে নাফ নদীতে বেড়াতে বেরিয়ে নতুন জেটিঘাট এলাকায় নৌকা ডুবে নিখোঁজ হয় তিন শিশু-কিশোর। এরপর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্র্মীসহ স্থানীয় জেলেরা তাদের উদ্ধারে অভিযান শুরু করে।

তিন জনের মধ্যে টেকনাফ পৌরসভার পল্লান পাড়ার ছাব্বির আহমদের ছেলে মো. আমিনের (৯) মরদেহ বুধবার সকালে টেকনাফের নতুন জেটিঘাট সংলগ্ন নাফ নদী থেকে উদ্ধার করেন স্থানীয়রা।

পুলিশ গিয়ে মরদেহগুলো থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করে বলে জানান ওসি মাঈনুদ্দিন।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।