কক্সবাজারে রকি বাহিনীর প্রধান অস্ত্রসহ গ্রেফতার


প্রকাশিত: ০৯:২৭ এএম, ৩০ জুন ২০১৭

কক্সবাজার শহরের আলোচিত রকি বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী মিনহাজুল আবেদীন রকিকে আবারও অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদরের খুরুশকুল কুলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি ওয়ানশুটার গান এবং ৩ রাউন্ড পয়েন্ট ২২ বোর রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার রকি কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার শফিকুর রহমান ওরফে শফিক্যার ছেলে।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, রকি সন্ত্রাসী কাণ্ড ঘটাতে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযানে যায় র‌্যাব। তাকে ঘিরে ফেললে অন্যরা পাশের নদীতে লাফিয়ে পালিয়ে যায়। আর রকিকে র‌্যাব অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে। তার কাছ থেকে ১টি ওয়ানশুটার গান এবং ৩ রাউন্ড পয়েন্ট ২২ বোর গুলি উদ্ধার করা হয়।

অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া। সন্ত্রাসী রকির বিরুদ্ধে হত্যা, পুলিশ অ্যাসল্ট ও ডাকাতিসহ ১৭টি মামলা বিচারাধীন রয়েছে বলে উল্লেখ করেন ওসি।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।