গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় মসজিদের মোয়াজ্জিন ৩ দিন ধরে নিখোঁজ


প্রকাশিত: ০১:২১ পিএম, ০৫ জুলাই ২০১৭

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদের হাফেজ মোয়াজ্জিন শাহ আলম (২৮) তিনদিন ধরে নিখোঁজ।

বুধবার তার ছোট ভাই গোলাম রাব্বি এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম, খাদেম ও ফ্রিজের দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে পুলিশ।

জিডিতে উল্লেখ করা হয়েছে, সোমবার বিকেলে হাফেজ শাহ আলমের সঙ্গে তার মা ঝর্ণা বেগম ও স্ত্রী মাকসুদা বেগমের সর্বশেষ কথা হয়। এ সময় গোবরা মাদরাসা বাজার এলাকা থেকে একটি পুরাতন ফ্রিজ কেনার কথা তার মাকে জানান।

এছাড়া মঙ্গলবার একজন মেকানিকসহ তিনি ফ্রিজ নিয়ে বাড়িতে আসার কথা তার মাকে বলেন। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তারা শাহ আলমের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন থাকার রুমে তার মোটরসাইকেলসহ ব্যবহৃত সকল মাল জিনিস রয়েছে বলে জানা যায়। বিষয়টি তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেছে।

গোপালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা থাকে উদ্ধারের চেষ্টা করছি।

প্রসঙ্গত, গত এক বছর ধরে হাফেজ শাহ আলম বিশ্ববিদ্যালয় মসজিদেও মুয়াজ্জিন হিসেবে কর্মরত আছেন। এর পাশাপাশি তিনি চর গোবরা মাদরাসায় খণ্ডকালীন শিক্ষাকতা করেন। যশোরের লক্ষ্মীপুর মাদরাসায় হাফেজি পড়া শেষ করেন তিনি। কাশিয়ানী উপজেলার মাইজকান্দি গ্রামের সাঈদ তালুকদারের ছেলে তিনি।

এস এম হুমায়ূন কবীর/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।