র্যাবের হাতে এএসপি গ্রেফতার!
রংপুরে অভিযান চালিয়ে আবু হাসনাত মো. মাসুদ নামে পুলিশের এক ভুয়া এএসপিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ১৩ এর একটি দল। বৃহস্পতিবার দুপুরে নগরীর শাপলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সাতকানিয়া গ্রামের আকতারুজ্জামানের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১৩ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি জানান, র্যাব-১৩ এর অধিনায়ক মেজর আবু ফরহান করিম।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অধিনায়ক ফরহান জানান, মাসুদ নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসবি শাখায় এএসপি পদে কর্মরত আছেন দাবি করে দীর্ঘদিন ধরে চাকুরির প্রলোভন দেখিয়ে অন্যের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। সম্প্রতি ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ মাহমুদপুর গ্রামের শাহবদ্দিনের ছেলে মাইন উদ্দিন (২১) এবং নোয়াখালীর কোম্পনীগঞ্জ থানার চর কাকড়া গ্রামের আবদুল্লাহুর ছেলে আব্দুল আলিমকে (২২) পুলিশের উপপরিদর্শক পদে চাকুরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে ৭ লক্ষ টাকা চুক্তি করেন। ইতোমেধ্যে ওই দুই চাকুরি প্রার্থী ৯৩ হাজার টাকা মাসুদকে অগ্রিম প্রদান করেন এবং আরও ১ লক্ষ টাকা প্রদানের নিমিত্তে ফেনী হতে বৃহস্পতিবার রংপুরে আসেন। এদিকে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে টাকা লেনদেনের বিষয়টি জানতে পেরে বেলা সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে নগরীর শাপলা চত্বর এলাকার একটি বিকাশ সেন্টারের সামনে থেকে মাসুদকে গ্রেফতার ও চাকুরি প্রত্যাশি ওই দু`জনকে উদ্ধার করে।
প্রেস ব্রিফিংয়ে র্যাবের অধিনায়ক আবু ফরহান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ জানিয়েছেন তার শ্বশুর বাড়ি রংপুর জেলার পীরগঞ্জে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
এসময় র্যাব-১৩ এর উপসহকারী পরিচালক মোকাদ্দেস আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজেড/আরআইপি