যশোরে ছাত্রলীগের মিছিলে মারামারি
ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে যশোরে ছাত্রলীগের একটি গ্রুপের মিছিল ও সমাবেশে হাতাহাতি এবং মারপিটের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র দড়াটনা ভৈরব চত্বরে এ ঘটনা ঘটেছে। মঞ্চে অবস্থান ও মিছিলের অগ্রভাগে থাকা নিয়ে এ ঘটনা ঘটেছে।
ছাত্রলীগ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী সোমবার যশোর জেলা ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে শনিবার বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশের আয়োজন করে ছাত্রলীগের এমপির গ্রুপ সমর্থিত নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের ব্যানারে এই সমাবেশ চলাকালে মঞ্চে একাধিক বার হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে সমাবেশ শেষে মিছিল বের হলে ফের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে অন্যান্যরা এগিয়ে গেলে ঘটনা বড় আকার ধারণ করেনি।
সূত্র জানায়, মঞ্চে অবস্থান নেয়া ও মিছিলের সামনের সারিতে থাকা নিয়ে বিরোধের জের ধরে এ হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
তবে ঘটনা জানার জন্য এ কর্মসূচিতে নেতৃত্ব দেয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল খানকে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
মিলন রহমান/এএম/আরআইপি