অবৈধ প্রবেশে বাধা দেয়ায় ছাত্রলীগের হামলা, আহত ৪


প্রকাশিত: ০৩:০৫ এএম, ২২ মে ২০১৫

সিলেট কাজী নজরুল অডিটরিয়ামে ফ্লেইমস`র ২য় বার্ষিকী উপলক্ষে কনসার্টে ছাত্রলীগের এক নেতাকে টিকেট বিহীন প্রবেশে বাধা দেয়ায় ছাত্রলীগের কাশ্মির গ্রুপের ক্যাডাররা দফায় দফায় তাণ্ডব চালিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ছাত্রলীগ ক্যাডারদের চাপাতির আঘাতে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক রজতকান্তি গুপ্তসহ ৪ জন সাংস্কৃতিক কর্মী আহত হয়েছেন।

তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগ ক্যাডাররা ২য় দফা হামলা করে কাজী নজরুল অডিটোরিয়ামেও ভাঙচুর করেন।

রজত কান্তি গুপ্ত ছাড়া অন্য আহতরা হলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র সাংস্কৃতিক কর্মী লোকমান নকিব (২১), বিবিএতে অধ্যয়নরত ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সায়মন (২০), তারেক (২২)। ওই ৩ জনকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় হামলা চালিয়ে আহত করা হলেও রাত সাড়ে ১০টায় হামলা চালানো হয় সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তর ওপর। এসময় ছাত্রলীগ ক্যাডাররা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে বলে জানান তিনি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ফ্লেইমস`র ২য় বার্ষিকী উপলক্ষে রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে `নেভার টু ওল্ড টু রক ভলিউম-২` কনসার্টের আয়োজন করে। কনসার্ট চলাকালীন সময় ছাত্রলীগের কাশ্মির গ্রুপের পারভেজ বিনা টিকেটে প্রবেশ করতে চাইলে বাধা দেয় ইউনিভার্সিটির ছাত্ররা। পরে পারভেজ তার সঙ্গীদের নিয়ে এসে হামলা চালালে আহত হন ছাত্রলীগ কর্মীসহ তিনজন।

এদিকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাজী নজরুল অডিটোরিয়ামে কী ঘটনা ঘটেছে তা জানতে সেখানে যান নাট্যকার ও গণজাগরণ মঞ্চের সংগঠক রজত কান্তি গুপ্ত। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ছাত্রলীগ নেতারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। পরে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করেন। আহতদের মধ্যে রজত কান্তি গুপ্ত, নকিব ও সায়মন এর অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে।

সম্মিলিত নাট্য পরিষদের সাবেক পরিচালক নাট্যকার চম্পক সরকার জাগো নিউজকে জানান, রজতের ডান হাতে বেশ কয়েকটি কোপ দেয়া হয়েছে। রাতেই অস্ত্র প্রাচার করা হয়। তার খুব বেশি রক্তক্ষরণ ঘটেছে বলে জানান তিনি।

কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার একেএম সাজ্জাদুল হাসান জাগো নিউজকে জানান, বিনা টিকেটে প্রবেশ করতে না দেয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২য় দফা বিক্ষুদ্ধরা কবি কাজী নজরুল অডিটরিয়াম ভাঙচুর করেন। এসময় তারা রজত কান্তি গুপ্তকে পেয়ে কুপিয়ে আহত করনে।

সাজ্জাদুল হাসান আরো জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। রজত কান্তি কতটুকু আহত হয়েছেন তা তিনি হাসপাতালে গিয়ে দেখেছেন জানিয়ে বলেন, পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

ছামির মাহমুদ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।