লোডশেডিং বন্ধের দাবিতে সড়ক অবরোধ, ভাঙচুর
পরীক্ষা চলাকালীন ঘনঘন লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের দাবিতে রংপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের আঞ্চলিক কার্যালয় ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর লালবাগ শান্তিনগর এলাকার ছাত্রাবাসে অবস্থানরত কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একজোট হয়ে অফিস ভাঙচুরসহ প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
এসময় উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ওই এলাকার বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বিদ্যুৎ সরবরাহের বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন।
এদিকে, শিক্ষার্থীদের হামলায় বিদ্যুৎ ও বিতরণ বিভাগে কর্মরত এজাজুল ইসলাম নামে এক আনছার কর্মকর্তা আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এমনিতেই ভ্যাপসা করমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তার ওপর চলছে বিভিন্ন সেশনের পরীক্ষা। এ অবস্থায় প্রতিদিন লোডশেডিংয়ের মাত্রা বেড়েই চলেছে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
রংপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোস্তাফিজার রহমান অভিযোগ করে বলেন, বিদ্যুৎ সরবরাহের বিষয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করি। এরপরও শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে একটি ফ্যামিলি কোয়ার্টারসহ বেশ কয়েকটি অফিস কক্ষ ভাঙচুর করেছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এমজেড/এমএস