ইউএনএইচসিআর’র হাইকমিশনারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১০ জুলাই ২০১৭

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র হাইকমিশনার ফিলিপ গ্র্যান্ডির নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।

সোমবার দুপুরে প্রতিনিধি দলটি উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে পৌঁছেন। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তা ও রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। 

বেলা দেড়টার দিকে প্রতিনিধি দলটি যান কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে। ওখানে পরিদর্শন শেষে কক্সবাজার শহরের ফিরেন। বিকেল ৪টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সঙ্গে বৈঠক করেন।

জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, প্রতিনিধি দলটি বৈঠকে রোহিঙ্গা সংশ্লিষ্ট নানা বিষয়ে আলাপ করেন। তারা রোহিঙ্গা কী কারণে বাংলাদেশে পালিয়ে এসেছেন তা অবগত রয়েছেন। এ সমস্যা সমাধানে কাজ করছে বলেও প্রতিনিধি দলটি জানিয়েছেন।

প্রতিনিধি দলের কেউ গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ না করলেও উখিয়ার কুতুপালং নিবন্ধিত শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে আলাপকালে ফিলিপ গ্র্যান্ডি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে যাচাই-বাছাই পূর্বক যারা নাগরিক হিসেবে চিহ্নিত হবে, তাদের মিয়ানমার ফেরত নেবে।

রোহিঙ্গাদের অনেকের দেয়া তথ্য মতে, এ কর্মকর্তা তাদের বলেন, বাংলাদেশে আসার আগে মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত সিটওয়ে ও মংডু শহর সফর করেছি। সেই সময় মিয়ানমারে স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরাজমান সমস্যা নিয়ে আমার আলাপ হয়েছে। যাচাই-বাছাই পূর্বক যারা নাগরিক হিসেবে চিহ্নিত হবে তাদের স্বদেশে ফেরত নেবে।

এর আগে রোববার সংস্থার প্রধান ফিলিপ গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধিদলটিতে ১৫ সদস্য রয়েছেন বলে জানা গেছে।

সায়ীদ আলমগীর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।