সড়ক-ফুটপাত দখলমুক্ত রাখতে নাগরিকদের সচেতনতা জরুরি: চসিক মেয়র
সড়ক-ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযানের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নগর ভবনে হালিশহর আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চসিক মেয়র। এ সময় সংগঠনের নেতারা প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং সড়ক উন্নয়নের দাবিতে মেয়রের কাছে লিখিত আবেদন করেন।
এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আই-ব্লক এলাকাতেও দ্রুত ম্যাজিস্ট্রেট টিম পাঠানো হবে। তবে অবৈধ দখল উচ্ছেদের পর তা যেন পুনরায় দখল না হয়, সে ক্ষেত্রে স্থানীয়দের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
মেয়র বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে আন্ডারগ্রাউন্ড মার্কেট নির্মাণ, নতুন মার্কেট উন্নয়ন এবং সড়ক আলোকায়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, নগরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সাক্ষাৎকালে আই-ব্লক সমাজকল্যাণ পরিষদের সভাপতি রায়হান মাহমুদ, সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ ও মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আতাউর রহমান (লিটন), সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক মো. মনসুর আউয়াল জাকের এবং সদস্য সাকী উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এমএমকে