বেনাপোল চেকপোস্টে আবারও স্বর্ণের বারসহ যাত্রী আটক
আবারও বেনাপোল চেকপোস্টে ভারতগামী এক যাত্রীর কাছ থেকে ৫টি স্বর্ণের বার আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় জালাল আহমেদ সেলিম নামে ওই যাত্রীকে আটক করা হয়।
সেলিম তার বাম পায়ের উরুর সঙ্গে বিশেষভাবে ৫টি স্বর্ণের ৫টি বার বেঁধে রেখেছিলেন। আটক স্বর্ণের মূল্য প্রায় ২৮ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, আটক জালাল আহমেদ সেলিম শরীয়তপুর জেলার নরিয়া থানার ছিটু মাদবরের কান্দি গ্রামের ইয়াকুব মুন্সীর ছেলে।
তার পাসপোর্ট থেকে গোয়েন্দারা তথ্য পেয়েছেন তিনি সচরাচর থাইল্যান্ড, মালয়েশিয়া যাওয়া-আসা করেন।
জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে একজন কম্পিউটার অপারেটর বলে পরিচয় দিয়েছেন।
এর আগে গত বুধবার সকালে আরেক যাত্রীর কাছ থেকে ৭টি স্বর্ণের বার উদ্ধার করেছিলেন গোয়েন্দারা।
জেইউ/এনএফ/এমএস